মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে যোগ দিয়েছেন সিয়াম নামের এক যুবক।
সোমবার (১৫ জুন) তিনি ১ মন দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা করেন। এ সময় উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির সাংবাদিক সিথুন, শাহিনুর রহমান ও সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল। তারা ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং এ সময় উপস্থিত উৎসুক জনতাও এ ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত সিয়াম সম্প্রতি আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতেই তিনি ১ মন দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে যোগ দেন।
ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া।

