সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,অভিযানে আরপিও-০১/২০২৪ (বড়) মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপরোয়ানাভুক্ত আসামি স্বপন দেবকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সিআর-৯০৮/২৪ (সদর) মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ সাত হাজার টাকা জরিমানাপ্রাপ্ত সাজাপরোয়ানাভুক্ত আসামি সাবের আহমদ বাবুলকেও আটক করা হয়।
এদিকে অভিযান চলাকালে ২০০ গ্রাম গাঁজাসহ শিতুল দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় বড়লেখা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এ ছাড়া পৃথক চারটি মামলার পরোয়ানাভুক্ত আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার (১৫ জুন) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,অপরাধ নিয়ন্ত্রণ ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

