যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে মার্কিনিদের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকার দেন আরাগচি। এর পরপরই দেশটির মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়।
বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন এবং সরকারের অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভে অংশ নেওয়া এক নারীকে কালো পোশাকে স্লোগান দিতে এবং পতাকা হাতে প্রতিবাদ করতে দেখা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শর্তে চুক্তির আলোচনা চলছে তা ইরানের স্বার্থবিরোধী হতে পারে। তাদের দাবি, এতে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান হারাতে পারে। আলোচনায় অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা বললেও ইরান সরকার তা নাকচ করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন কোনো চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা নেই, তবে আগামী দিনে সমঝোতার সম্ভাবনা রয়েছে।
চুক্তি ঘিরে এমন ভিন্ন অবস্থানের কারণে ইরানে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় সরকারবিরোধী স্লোগান ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

