সত্যজিৎ দাস, মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। পরে আহত ব্যক্তিসহ তার সহযোগী সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী একটি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়,৫২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে সীমান্ত এলাকায় দুই সন্দেহভাজন ভারতীয় নাগরিককে দেখতে পায়। এ সময় তাদের থামার নির্দেশ দেওয়া হলে তারা নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করেন।
বিজিবির দাবি,একপর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে টহল দলের ওপর হামলার চেষ্টা করেন। এতে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। গুলিতে একজন চোরাকারবারি আহত হন।
পরে পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠলে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে চলে যান।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন,ঘটনাটি নিয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল অবস্থানে রয়েছে।

