মো আলম বান্দরবান:
অদ্য ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, বা’দ ইশা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে পুণ্যভূমি পবিত্র মক্কাতুল মুকাররামায় মিসফালাহ হোটেল সা’দান আল হুদা রেস্টুরেন্ট হলরুমে প্রায় শতাধিক মেহমানবৃন্দের উপস্থিতিতে বায়তুশ শরফ দরবারের প্রতিষ্ঠাতা কুতুবুল আলম শাহসূফি মীর মোহাম্মদ আখতর (রাহ.), প্রধান রূপকার হাদিয়ে যামান শাহসূফি মোহাম্মদ আবদুল জব্বার (রাহ.) এবং বাহরুল উলূম শাহসূফি মোহাম্মদ কুতুব উদ্দিন (রাহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের সদস্য হাফেজ মাওলানা মুহিব্বুর রহমান, চেয়ারম্যান আশ শরফ ওভারসিজ ।
আলোচনা পেশ করেন বায়তুশ শরফের মুখপাত্র মাসিক দ্বীন দুনিয়া সম্পাদক জনাব মুহাম্মদ জাফর উল্লাহ, বুলবুলে বায়তুশ শরফ মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন।
জনাব মুহাম্মদ জাফর উল্লাহ তাঁর বক্তব্যে বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ মীর মুহাম্মদ আখতর (রাহ), হাদিয়ে যামান শাহসূফি আবদুল জব্বার (রাহ), বাহরুল উলূম শাহসূফি কুতুব উদ্দিন (রাহ.) এর মহিমাময় জীবন, দ্বীনের জন্য অবদান
এবং বর্তমান রাহবারে বায়তুশ শরফ, ইসলামী চিন্তাবিদ, শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) এর ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দরভাবে তুলে ধরেন।
রাহবারে বায়তুশ শরফ (মা.জি.আ) এর সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন। পরিশেষে জেয়াফত উপলক্ষে আগত মেহমানদের রাতের খাবার পরিবেশন করা হয়।
একইদিন বা’দ ফজর বায়তুশ শরফ দরবারে মুহিব্বীনদের সাথে নিয়ে পবিত্র মক্কার জান্নাতুল মুয়াল্লায় মীর মোহাম্মদ আখতর (রাহ.) এর কবর জেয়ারত করা হয়।
উল্লেখ্য, বায়তুশ শরফ দরবারের প্রাণপুরুষ মীর মোহাম্মদ আখতর (রাহ.) ১৯৭১ সালের ৫ ফেব্রুয়ারি পবিত্র হজ্জব্রত ইহরাম পরিহিত অবস্থায় মিনায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পবিত্র কাবা চত্বরে তাঁর জানাজার নামাজ শেষে তাঁকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়।

