এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের কৃতি সন্তান শফিকুল ইসলাম শফিক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পাওয়ায় দৌলতপুরসহ মানিকগঞ্জ জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
শফিকুল ইসলাম শফিক দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের জন্য তিনি নেতাকর্মীদের কাছে একজন জনপ্রিয় সংগঠক হিসেবে পরিচিত। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।
এদিকে শফিকুল ইসলাম শফিকের এ অর্জনে দৌলতপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শফিকুল ইসলাম শফিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দল যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। দলের আদর্শ বাস্তবায়ন এবং যুবসমাজকে সংগঠিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখব।
দৌলতপুরের সন্তান শফিকুল ইসলাম শফিকের এ সাফল্যে উপজেলাবাসী গর্বিত বলে স্থানীয় নেতাকর্মীরা মন্তব্য করেছেন। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও গতিশীল ও শক্তিশালী হবে।

