ফরিদপুর প্রতিনিধি:
জনবহুল এলাকায় ও বসতবাড়ির পাশে পৌরসভার ময়লা ফেলার প্রতিবাদে এবং দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন আলফাডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের হিদাডাঙ্গা এলাকাবাসী। আজ রবিবার (৩১ মে, ২০২৬) সকাল ৮টায় হিদাডাঙ্গা সুইচ গেট সংলগ্ন সড়কে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘হিদাডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় ময়লা ফেলা বন্ধ করো, জনস্বাস্থ্য রক্ষা করো’ এবং ‘পরিবেশ বাঁচাও, জনদুর্ভোগ কমাও’—এমন বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, এক সময়ের নান্দনিক ও বিনোদন স্পট হিদাডাঙ্গা সুইচ গেট এলাকাটি বর্তমানে পৌরসভার ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এর ফলে এলাকাটি চরম পরিবেশ দূষণের কবলে পড়েছে এবং স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ময়লার উৎকট দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। একসময় শিশুদের খেলার জায়গা থাকলেও বর্তমানে সেখানে দুর্গন্ধ ও ময়লার স্তূপের কারণে শিশু-কিশোররা যেতে পারছে না। এছাড়া, ময়লার ভাগাড়ে জড়ো হওয়া কুকুরের উপদ্রবে কোমলমতি শিক্ষার্থী ও পথচারীরা প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র সৈয়দ রোমান আলী, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র অফিসার আনিসুজ্জামান জনি এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক শরীফ গোলাম মওলা প্রমুখ। বক্তারা জনস্বাস্থ্য রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে এই স্থান থেকে ময়লা ফেলার জায়গাটি অন্যত্র সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী বলেন, ‘ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে আমার কাছে অভিযোগ এসেছে এবং আমি বিষয়টি অবগত আছি। স্থানীয় বাসিন্দারা যে দুর্ভোগে আছেন তা আমি বুঝি। আমি সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দিয়েছি পৌর এলাকার অন্যত্র জায়গা খুঁজে দ্রুত ময়লা ফেলার স্থানটি স্থানান্তর করার জন্য।’

