টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) পূর্ব পাড়ে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ভয়াবহ ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৫ মে) সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, রডবোঝাই ওই ট্রাকটিতে বেশ কিছু যাত্রী ছিলেন। ট্রাকটি যমুনা সেতুর পূর্ব পাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান, ফলে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। ট্রাকের ওপরে থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই ১৭ জন প্রাণ হারান। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, ভারী রডের নিচে যাত্রীরা চাপা পড়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। ক্রেনের সাহায্যে ট্রাক ও রড সরিয়ে বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল বিঘ্নিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। (বিস্তারিত আসছে…)

