আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজার জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীকে সংবর্ধনা দিয়েছেন জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার।
গতকাল বিকেলে জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ মসজিদ কমপ্লেক্সে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশের স্বনামধন্য আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে শায়েখ সালাহুল ইসলাম
কক্সবাজারের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক এটিএম নুরুল বশর চৌধুরীকে পর্যটন জেলা শহরে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটিএম নুরুল বশর চৌধুরীর যোগ্য নেতৃত্বে জেলার উন্নয়ন আরও গতিশীল হবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এটিএম নুরুল বশর চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং বিএনপি সেই আদর্শকে ধারণ করে রাজনীতি করে। তিনি আরও বলেন, মানুষের কর্মই মৃত্যুর পর তার জবাবদিহিতার ভিত্তি হবে—এই বিশ্বাস থেকেই তিনি সবসময় ভালো কাজ করার চেষ্টা করেন।
তিনি জামেয়ার শিক্ষক-শিক্ষার্থীদের শৃঙ্খলা, বহুভাষিক বক্তব্য উপস্থাপন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন। একই সঙ্গে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বিত কার্যক্রমেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামেয়ার নির্বাহী পরিচালক মাওলানা ক্বারী ওসমান, শাইখুল হাদিস মাওলানা আব্দুল গফুর নদীম, ইসলামী অর্থনীতিতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মাসুম বিল্লাহ এবং উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুল গফর চৌধুরীর সন্তান আফসার চৌধুরী।
ড. মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উন্মুক্ত চিন্তার বিকাশ, আধুনিক জ্ঞানচর্চা এবং বহির্বিশ্বের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে জামেয়া ইমাম মুসলিম যে যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়ন করছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও জাগতিক জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ বর্তমান সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গণি।
শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

