আবদুর রহিম, ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):
মৃত্যুপথ যাত্রী মানুষের জীবনকে নিয়েও ছিনিমিনি খেলছে এক শ্রেনীর মুনাফালোভী অসৎ ব্যবসায়ী। তাদের কাছে মানুষের জীবনের চেয়ে অর্থের মূল্যই বেশী।
সম্প্রতি কল-কারখানার লোহা কাটার সিলিন্ডারের অক্সিজেন গ্যাসকে মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রির অভিযোগে চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীর নগরীর আকবর শাহ থানাধীন লেকসিটি এলাকার এসবি এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয় চট্টগ্রাম ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিধপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার, রানা দেবনাথসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ গ্রহন করে।
এদিকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রির প্রবণতাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে জানান, এই ধরনের ভেজালকারী ব্যবসায়ীদের মাঠ পর্যায়ে শনাক্ত করে কঠোর আইনী পদক্ষেপ নেওয়ার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে।

