মো. শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
উতরাঞ্চল তথা রংপুর বিভাগের গেটওয়ে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তবে প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সবগুলোই করা হবে। তিনি বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী সব ক্ষেত্রেই ধারাবাহিক ভাবে উন্নয়ন শুরু করেছেন। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দরও তাঁর প্রতিশ্রুতি ছিলো। একারণে সেটা নিয়ে কাজ শুরু করা হয়েছে। তবে অগ্রাধিকারের ক্ষেত্রে যাত্রীসেবার মান, জনগণের ও দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। যেখানে যাত্রী বেশি যাতায়াত করবে এবং চাহিদা বেশি থাকবে সেখানেই আগে করা হবে।
এক প্রশ্নের উত্তরে বিমান মন্ত্রী বলেন, বগুড়ার পরই সৈয়দপুরের গুরুত্ব। সেকারণেই আমরা এখানে এসেছি। প্রধানমন্ত্রী যেহেতু এটিকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি দিয়েছেন সেহেতু তা হবে। তবে একসাথে সব করা সম্ভব নয়। তাছাড়া আমাদের মাত্র দুই মাস সময় হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটিতে গুরুত্ব দিয়ে কাজ শুরু করা হয়েছে। আপনাদের ইচ্ছাও পূরণ করা হবে।
সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণের জন্য অধিগ্রহণের তালিকাভুক্ত জমি মালিকদের স্থিতিশীলাবস্থার বিষয়ে জানানো হয় যে, তারা জমি বিক্রিও করতে পারছেন না আবার স্থাপনাও নির্মাণ করতে পারছেন না। ফলে তারা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন। এবিষয়ে সরকারের কোন পদক্ষেপ আছে কি না? জানতে চাইলে বিমান মন্ত্রী বলেন, এটাও বিবেচনায় আছে এবং আগামীতে এব্যাপারে জানানো হবে।
এর আগে সকাল সাড়ে ৯ টায় মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছলে সৈয়দপুর, রংপুর ও ঠাকুরগাঁওয়ের বিএনপি নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সৈয়দপুরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের ও তারিকুল ইসলাম তারিক সহ অন্যান্যরা। পরে মন্ত্রী সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

