কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়ায় কালভার্ট বন্ধ করে কৃত্রিম বন্যা সৃষ্টির সংবাদ বাংলা এফএম-এ পত্রিকায় প্রকাশের পর টনক নড়েছে উপজেলা প্রশাসনের। গতকাল রোববার সংবাদটি প্রকাশের পর আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় আটকে থাকা পানি নিষ্কাশনে তাৎক্ষণিক ড্রেন নির্মাণ ও স্থায়ী কালভার্ট তৈরির আশ্বাস দেওয়া হয়। এতে খানিকটা স্বস্তি ফিরেছে পানিবন্দি ৫ গ্রামের মানুষের মাঝে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান এম ওহাব খান খোকা ঘটনাস্থলে ছুটে আসেন। সাংবাদিক এস এম মাসুদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে খন্দকার আজিজুর রহমান পেরার ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয় সংস্কার কাজ।
এলাকাবাসীর ভোগান্তি কমাতে তাৎক্ষণিকভাবে রাস্তার এক পাশ কেটে ড্রেন তৈরি করে আটকে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। একই সাথে সেখানে দ্রুত একটি নতুন ও স্থায়ী কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দেয় প্রশাসন। এতে সাময়িকভাবে উপকৃত হয়েছেন এলাকাবাসী। তবে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পন্ন হলে এলাকায় পুরোপুরি স্বস্তি ফিরবে বলে জানান স্থানীয়রা। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, “জনগণের ফসলের ক্ষয়ক্ষতি ও ভোগান্তি লাঘবে যা যা করণীয়, তার সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”

