দীপক কুমার দেব নাথ ,সরাইল (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আবেদ আলী (১৭) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার অরুয়াইল-রাজাপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবেদ আলী উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের প্রয়াত মতি মিয়ার ছেলে। তিনি অরুয়াইল দক্ষিণ বাজারের বাহালুল মিয়ার মরিচের মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবার সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর থেকে আবেদ আলী নিখোঁজ ছিলেন। কর্মস্থল থেকে তাকে খুঁজে না পেয়ে মিল কর্তৃপক্ষ বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন, অরুয়াইল-রাজাপুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আবেদ আলীর বলে শনাক্ত করেন।
পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

