ফরিদপুরের চরভদ্রাসনে সম্প্রতি কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন এবং গফুর মুন্সি ফাউন্ডেশন।
বুধবারের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, ইউপি সদস্য আলেপ মন্ডল ও ফজলুর রহমান খান।
পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তিনটি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এতে ক্ষতিগ্রস্তরা দ্রুত তাদের বসতঘর মেরামত করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অন্যদিকে, গফুর মুন্সি ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল এক বস্তা চাল, দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম ও সাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় ইউপি সদস্য আলেপ মন্ডল ও সাংবাদিক মোস্তফা মাহমুদ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও গফুর মুন্সি ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে এলাকাবাসী ও সুশীল সমাজ স্বাগত জানিয়েছে।

