সত্যজিৎ দাস,
চা শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
রোববার (১৭ মে) দুপুরে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও লাল পতাকা নিয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেলের কাছে স্মারকলিপি জমা দেন।
শ্রমিকদের ব্যানারে উল্লেখ করা হয়,গত ২৭ মার্চ থেকে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় দ্রুত ক্যামেলিয়া হাসপাতাল চালুর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি চা শ্রমিকদের জন্য নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ চার দফা দাবি তুলে ধরা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, চিকিৎসা সেবা বন্ধ কিংবা সীমিত থাকায় শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। দ্রুত হাসপাতাল চালু করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
এ সময় শ্রম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে চা শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।

