বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, প্রণোদনা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।
১৭ মে ২০২৬ রবিবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অভিযোগের তীর উঠেছে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রাসেল সিকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উৎপাল চন্দ্র দাস ও মো. মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে এই তিন কর্মকর্তা সরকারি কৃষি প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি করে আসছেন এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বিশেষ সুবিধা দিয়ে প্রকৃত কৃষকদের বঞ্চিত করছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থি কিছু ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে প্রণোদনার তালিকা তৈরি করে আর্থিক সুবিধার বিনিময়ে অনিয়ম করা হয়েছে। তারা বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় বরাদ্দকৃত কৃষি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে না পৌঁছে একটি প্রভাবশালী মহলের মাধ্যমে বণ্টন করা হয়েছে।
কৃষকদের অভিযোগ, সরকারি প্রণোদনা পাওয়ার জন্য কৃষি অফিসে গেলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। এছাড়া চলমান বিভিন্ন কৃষি উন্নয়ন প্রকল্প—তেল ফসল উন্নয়ন, পার্টনার প্রকল্প, চর উন্নয়ন ও ক্লাইমেট প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচির প্রদর্শনী কার্যক্রম বাস্তবে বাস্তবায়ন না করেই বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি ইউনুস আলী, হাবিব খান, রাবেয়া, রমিজ খান, মনিরুল ইসলামসহ শতাধিক কৃষক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্ত তিন কর্মকর্তার অপসারণ এবং প্রকৃত কৃষকদের মাঝে স্বচ্ছতার সঙ্গে সরকারি প্রণোদনা বিতরণের দাবি জানান।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রাসেল সিকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উৎপাল চন্দ্র দাস ও মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের বিরুদ্ধে এই অভিযোগ সত্য নয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইসা বলেন আমি চলতি মাসে যোগদান করেছি ,এবিষয় আমার জানা নেই।

