বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীতে মাছ কেনা নিয়ে বিরোধের জেরে মো. মনির হাওলাদার (৩৬) নামে এক জেলেকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১৭ মে) সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুলিয়া ইউনিয়নের কালাইয়া বাদ্যপাশা চর এলাকার বাসিন্দা মনির হাওলাদার সকালে তেঁতুলিয়া নদীতে মাছ ধরছিলেন। এ সময় একই এলাকার বেল্লাল মোসলমান (৪৫) ও কামরুল মোসলমান (৩৫) তার কাছ থেকে জোরপূর্বক মাছ ক্রয় করেন বলে অভিযোগ করা হয়। পরে মাছের ন্যায্য মূল্য দাবি করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা ও লগি-বৈঠা দিয়ে মনিরকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন।
এ সময় হামলাকারীরা ধারালো দা-ছেনা নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং তার মাছ ধরার ট্রলার ভাঙচুর করে ক্ষতিসাধন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মনির হাওলাদার জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। নদীতে মাছ ধরতে গেলে ট্রলার ও জাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি গুম ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

