বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় ১৩ বছরের নিজ মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবা ওসমান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বাসিন্দা ওসমান মোল্লা প্রায় ১৮ বছর আগে ইসলামী শরীয়াহ অনুসারে বিয়ে করেন। তাদের সংসারে ১৩ বছরের এক কন্যা ও ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে।
গত ২৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা কিশোরী মেয়েকে জাগিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন অভিযুক্ত বাবা ওসমান মোল্লা। মা ঘটনাটি দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাকেও মারধর করেন তিনি। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।
ঘটনার পর থেকে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। স্থানীয়রা সিদ্ধান্ত নেন, আসামিকে পেলেই আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) সকালে নিজ বাড়ি থেকে ওসমান মোল্লাকে আটক করে স্থানীয় জনতা। একই দিন কিশোরীর মা বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন।
কিশোরী ভুক্তভোগী সাংবাদিকদের কাছে বলেন, “আমার জন্মদাতা বাবা হয়ে আমার সঙ্গে যে জঘন্য কাজ করেছে, আমি এর বিচার চাই।”
মেয়ের মা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাবা হয়ে এমন কাজ কেউ করতে পারে, তা মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনায় কঠোর শাস্তি দাবি করছি।”
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। সামাজিকভাবে নিন্দনীয় এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

