সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর সৃষ্টি, গান, সাহিত্য ও দর্শনের মধ্য দিয়ে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (৮ মে) দুপুরে রবীন্দ্র কাচারিবাড়ি প্রাঙ্গণে তিনদিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী টুকু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর সৃষ্টি শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের সম্পদ। মানবতা, প্রেম, প্রকৃতি ও অসাম্প্রদায়িক চেতনার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের মাঝে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি।
এসময় সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য ডা.এম এম মুহিদ, জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, সাংসৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুমন কান্তি বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মঞ্জুর বক্তব্য রাখেন।
এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। উৎসবকে ঘিরে কাচারিবাড়ি প্রাঙ্গণে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

