আবু জাফর বিশ্বাস, বরিশাল:
বরিশাল নগরে খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শান (১৩) কে তিন দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের ঈদগাঁও বাজার এলাকার একটি বাস কাউন্টার থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
শান বরিশাল কালেক্টর স্কুলের শিক্ষার্থী। গত শনিবার (২ মে) রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের ঈদগাঁও বাজারে একটি দূরপাল্লার বাস থেকে নামার পর সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তখন সে কিছুটা অসুস্থ থাকলেও বর্তমানে সুস্থ রয়েছে।
উদ্ধারের পর বুধবার (৬ মে) সকালে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে শান। তার মা মিতু রানী জানান, বিকাশ থেকে টাকা তুলে খিচুড়ি কিনতে গিয়ে শান অজ্ঞান হয়ে পড়ে এবং এরপরের কিছুই তার মনে নেই। পরিবারের ধারণা, তাকে অজ্ঞান করতে একটি চক্র বিশেষ কৌশল ব্যবহার করেছে।
পুলিশের একটি সূত্র জানায়, ছিনতাইকারী চক্র শানকে দিনাজপুর হয়ে কক্সবাজারে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও প্রায় সাড়ে ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
শানের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন মায়ের কথামতো বিকাশ থেকে টাকা তুলে খিচুড়ি কিনতে যাচ্ছিল। পথে এক ব্যক্তি তাকে একটি সাদা কাগজে লেখা ঠিকানা পড়তে বলেন। সেটি পড়ার পরপরই সে জ্ঞান হারায়। এরপর আর কিছু মনে নেই।
পরে কক্সবাজারের ঈদগাহ ব্রিজ এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক নারী ও পুরুষ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখানে তাকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঈদগাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মজদার জানান, শান স্পষ্টভাবে ঠিকানা বলতে না পারায় প্রযুক্তির সহায়তায় তার দেওয়া তথ্য যাচাই করা হয়। পরে কাউনিয়া থানায় দায়ের করা জিডির সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়। তার পকেট থেকে একটি পরিবহন সংস্থার দুটি টিকিটও উদ্ধার করা হয়েছে। বর্তমানে শান পুলিশি হেফাজতে রয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

