মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কারের ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্দেশনায় ও পঞ্চগড় পৌরসভার ব্যবস্থাপনায় শহরের কামাতপাড়া এলাকায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির ১নং সদস্য অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব, পঞ্চগড় পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দে, স্যানিটারি ইন্সপেক্টর হুমায়ূন কবীর, সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হায়াতুন আলম, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পরিষ্কার কার্যক্রম চলাকালে অধ্যক্ষ মোহাম্মদ সামসুজ্জামান বিপ্লব বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। জনভোগান্তি লাঘবে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্দেশনায় ও পৌরসভার সহযোগিতায় এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম জানান, সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির গত রবিবার জালাশী ও কামাতপাড়াসহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। নির্বাচনের সময় তাঁর প্রতিশ্রুতি ছিল একটি আধুনিক পৌরসভা গড়ার। সেই লক্ষ্যেই তিনি একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু করেছেন। এরই প্রাথমিক পদক্ষেপ হিসেবে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কারের এই নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দ্রুত জলাবদ্ধতা নিরসন হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি মহল্লায় পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে বলেও জানানো হয়।

