কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির ঝাঁকের আকস্মিক আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ মৌমাছির ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এ সময় তারা মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। স্থানীয়রা আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করলেও ততক্ষণে তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা বিনতে ফারুক জানান, ভিমরুলের কামড়ে আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নেন।
তাদের মধ্যে তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টির মতো কামড় দেওয়ায় তার অবস্থা গুরুতর হওয়ায় রংপুরে পাঠানো হয়েছে। অন্যদিকে সামিউল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

