মোঃ মনজুরুল আলম, ভ্রাম্যমাণ রিপোর্টার:
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট সংলগ্ন যমুনেশ্বরী নদীতে গোসলে নেমে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১ মে) দুপুর ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার ময়েনপুর কদমতলা এলাকার বাতাসন মাদ্রাসার ১২ থেকে ১৩ বছর বয়সী ছয়জন ছাত্র নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পাঁচজন নিরাপদে তীরে উঠতে পারলেও সুপ্ত (১৩), মশিউর রহমানের ছেলে, পানিতে ডুবে নিখোঁজ হয়।
নিখোঁজ সুপ্ত কোরআনের ১৩ পারা হাফেজ বলে জানা গেছে।
ঘটনার পরপরই রংপুর ও বদরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে, যা সন্ধ্যা পর্যন্ত চললেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ (২ মে) প্রায় ২৮ ঘণ্টা পার হলেও এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
এর আগেও এই যমুনেশ্বরী নদীর একই এলাকায় একাধিক পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। গত ২২ এপ্রিল আরও একজনের মৃত্যু হয় এবং এর আগে কয়েক মাসে আরও একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, নদী এলাকায় অবৈধ বালু উত্তোলনের কারণে গভীর গর্ত তৈরি হয়েছে, যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ এবং নদী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

