বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় রাতের আধারে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একের পর এক পথচারীদের ধাক্কা দেওয়ার অভিযোগে মো. হান্নান শেখ (৪৫) নামে এক ট্রাকচালকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
এ ঘটনায় ট্রাকের আরো হেলপারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১ মে) রাত ৯ টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একাধিক ব্যক্তিকে আহত করায় এ ঘটনা ঘটেছে। তবে স্থানীয় অনেকে বলেছেন, সামান্য দুর্ঘটনাকে ফেসবুকে “২০ জনকে চাপা দিয়ে মেরে ফেলার” গুজব ছড়িয়ে ট্রাকটি ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে স্থানীয় জনতাকে উত্তেজিত করে চালককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ট্রাকচালক হান্নান শেখ বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের মো. শহিদ শেখের ছেলে। আহতরা হলেন, হেলপার নাঈম মোল্যা (২২) ও আল আমিন (২৫)। এর মধ্যে নাঈম সালথা উপজেলার সোনাখোলা গ্রামের বাসিন্দা ও আল আমিন পাশের কাগদী এলাকার বাসিন্দা। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে ট্রাক চাপায় অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা বাজার থেকে রসুলপুর এলাকার ভেতর সরু সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২৭৩৩২)। এ সময় ট্রাকটি সালথার গট্টি ও রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা কয়েকটি মোটরসাইকেল নিয়ে ট্রাকটি ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে একপর্যায় ট্রাকটি নগরকান্দার বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সী স্টোর নামে একটি দোকানে সজোরে ধাক্কা দিয়ে পড়ে যায়। পরে উত্তেজিত জনতা জড়ো হয়ে ট্রাকচালক ও দুই হেলপারকে গণপিটুনি দেয় এবং ট্রাকটি ব্যাপক ভাঙচুর করে। এতে চালক ও হেলপাররা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা চালক হান্নানকে মৃত ঘোষনা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, চালক হান্নানের স্ত্রী কয়েক দিন আগে মারা গেছেন। গুজব ছড়িয়ে এখন হান্নানকে মেরে ফেলা হলো। তাদের তিন বছর বয়সি একটা সন্তান আছে। সেই অবুজ সন্তানের এখন কি হবে?
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা ট্রাকচালকসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে ড্রাইভার হাসপাতালে নেওয়ার পর মারা যান।।
শনিবার (২ মে) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, বেপরোয়া গতির ট্রাকটির ধাক্কায় অন্তত ৭ জন হয়েছে। পরে ট্রাকটির চালক-হেলপারদের গণপিটুনি দেয় জনতা। খবর আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ট্রাকচালক হান্নানকে মৃত ঘোষনা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুরো ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

