মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩০ মিনিটে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা.জা.ফে-০৮) গোদাগাড়ী পৌর ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষ ও সুধীজন অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে একটি র্যালি বের হয়ে গোদাগাড়ী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, জেলা সভাপতি অধ্যাপক মোঃ কামরুজ্জামান এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ্।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোদাগাড়ী উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ কামরুজ্জামান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন গোদাগাড়ী পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর মাস্টার নোমায়ন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তিনি শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তুলতে হবে, যেখানে শোষণ ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

