স্টাফ রিপোর্টার:
আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা ইসলামী ফাউন্ডেশন হল রুমে স্থানীয় কৃষি উদ্যোক্তা জনাব মো. ইশারত মোল্ল্যা সভাপতিত্বে এ কর্মশালায় আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলভির রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. কামরুল হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার (চুয়াডাঙ্গা)। তিনি হাইব্রিড ধান, উফশী ধান, ভুট্টা, বায়োপেস্টিসাইড এবং বিভিন্ন সবজির বীজের আধুনিক উৎপাদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে অধিক ফলন পাওয়া যায়, সে বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন মো. নুর আলম, টিএসও (ফরিদপুর) এবং সুব্রত কুমার পাল, টিএসও (ফরিদপুর-১)।
কর্মশালায় প্রায় ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। তারা আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং ব্র্যাক সিডের বিভিন্ন কৃষি উপকরণ ব্যবহারের আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে হাইব্রিড ব্র্যাক-১০ জাতের ধান বীজ বিতরণ করা হয়।

