রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে পুতিন জানান, তিনি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা পেয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেছেন।
পুতিন বলেন, রাশিয়া ইরানের সঙ্গে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখবে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত করবে। একই সঙ্গে তিনি ইরানের জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন, তারা বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
রুশ প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়া শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে এবং যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাবে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও ওমান সফর শেষে সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান এবং সেখানে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে অংশ নেন।

