মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থানে মাদকের জমজমাট হাটের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় কালের কণ্ঠের মানিকগঞ্জের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার মধ্যরাতে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইটঘর তেওতা এলাকায় ওই সাংবাদিকের নিজ বাড়িতে হামলা চালায় স্থানীয় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আল-আমিন হোসেন। এর আগে আল-আমিন মাদকসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তেওতা ইউনিয়নের ষাইটঘর তেওতা সম্মিলিত কবরস্থানে আল-আমিন সন্ধ্যার পর বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। তিনি বিশেষ করে স্কুল–কলেজগামী উঠতি বয়সী তরুণদের লক্ষ্য করে কৌশলে ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। এ ঘটনায় স্থানীয়রা ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।
সোমবার দুপুরে সাংবাদিক মারুফ হোসেন কারও নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের ভয়াবহতা ও তরুণ সমাজের ক্ষতির দিক তুলে ধরেন। এর পরপরই ওই পোস্টের মন্তব্যে মাদক ব্যবসায়ীর পক্ষ থেকে অশোভন মন্তব্য করা হয়। এতে নেটিজেনরাও মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।
এরপর রাত আনুমানিক ১টার দিকে সাংবাদিকের পরিবার ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির টিনের গেটে রড দিয়ে ভাঙচুরের শব্দ শোনা যায়। এ সময় সাংবাদিক বাইরে বের হলে হামলাকারীকে পালিয়ে যেতে দেখা যায়। পরে পাশের একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজে আল-আমিনকে খালি গায়ে রড হাতে ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়।
এ বিষয়ে দোকানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিন খালি গায়ে রড হাতে দোকানে সিগারেট কিনতে আসেন। কিছুক্ষণ পরই সাংবাদিকের বাসার টিনে বিকট শব্দ শোনা যায়। পরে সাংবাদিক বের হলে তাকে পালিয়ে যেতে দেখা যায়।
শিবালয় থানা পুলিশের এক কর্মকর্তা জানান, “একজন সাংবাদিকের বাড়িতে মধ্যরাতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আল-আমিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে একাধিকবার তাকে মাদকসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।”

