মুহ. মিজানুর রহমান বাদল,সিংগাইর:
সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে জ্বালানি তেলের সংকটের মধ্যে অধিক লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল প্রেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন সংগ্রহ করে মজুদ করেছিল মিলন মাহমুদ নামের এক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর হাট সংলগ্ন মেসার্স মাহমুদ এন্টার প্রাইজ নামের এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এসময় ওই প্রতিষ্ঠানের ২টি গুদাম থেকে সিংগাইর থানার অন্তর্গত বাঘুর্লী তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগীতায় অবৈধভাবে মজুদকৃত ২৪ ড্রাম জ্বালানি তেল প্রেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত তেল ওই রাতেই সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে বিক্রয়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে সূত্রে জানাযায়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান,মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজের মালিক মিলন মাহমুদকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, মজুদ ও অধিক দামে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী (এক লক্ষ )টাকা অর্থ দন্ড প্রদান করে মজুদকৃত ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। বিক্রয়কৃত সকল অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরো জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

