মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
এক দিনের বৃষ্টিতেই কুমিল্লার ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া – কুমিল্লা সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হাসপাতালের দক্ষিণ পাশে এবং টাটেরা প্রফেসর সেকান্দর আলী বালিকা স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কটি গতকাল একপশলা বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ঝুঁকি নিয়েই বিভিন্ন যানবাহনকে চলাচল করতে দেখা গেছে।
সড়কের পাশে ব্যবসায়ী জসীম উদ্দিন বলেন, “বৃষ্টির পর থেকেই সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে চলাচল করছে। যানবাহন ধীরগতিতে চলতে হচ্ছে, অনেক সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাচ্ছে।”
একই সড়কের পথচারী নুরুল আমিন বলেন, “হেঁটে যাওয়ার মতো কোনো জায়গা নেই। পুরো রাস্তা পানিতে ডুবে আছে। বাধ্য হয়ে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।”
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বিষয়টি আমরা জেনেছি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে এবং স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান।

