ঝালকাঠি পৌরসভার আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট বা ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিহারী মৌজার চামটা গ্রামে জমি নির্বাচনের প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। তিন ফসলী কৃষি জমিতে এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বিকেলে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকল প্রক্রিয়া শেষে জমি অধিগ্রহণের অনুমোদনও সম্পন্ন হয়েছে। কিন্তু এই সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, “চামটা, দারখী, ডোমঝুরি, আগলপাশা ও কুনিহারী এলাকার সমন্বয়ে গঠিত এই বিশাল ফসলের মাঠে প্রতিবছর আমন, বোরো, সরিষা, সূর্যমুখীসহ বিভিন্ন সাথী ফসল চাষাবাদ করা হয়। আমাদের জীবন-জীবিকার প্রধান উৎস এই ফসলী জমি নষ্ট করে পৌরসভার ময়লার ভাগাড় কোনোভাবেই হতে দেওয়া হবে না।”
বক্তারা আরও অভিযোগ করেন, আবাসিক এলাকায় কৃষিজমির ওপর এই প্রকল্প গ্রহণের সময় স্থানীয়দের কোনো প্রকার অবহিত করা হয়নি। প্রকল্প বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, “আমরা প্রয়োজনে জীবন দেব, তবুও ফসলী জমি হাতছাড়া হতে দেব না।”
মানববন্ধন চলাকালে স্থানীয়দের ক্ষোভ ও দাবির মুখে কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত হন ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম, প্রবীণ শিক্ষক জয়নুল আবেদীন, সংরক্ষিত ইউপি সদস্য রহিমা বেগম, ইউপি সদস্য রাইসুল ইসলাম রাতুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাইউম তালুকদার, মাওলানা অলিউর রহমান, মাওলানা ইব্রাহিম হোসেন, ইসমাইল হোসেন তালুকদার, কৃষক ইউনুচ তালুকদার, জামাল তালুদার ও সৈয়দ জিয়াউল ইসলাম প্রমুখ।
ফসলী জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার দাবিতে এলাকাবাসী তাদের আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন।

