সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজনগরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপজেলা কৃষি কর্মকর্তা,রাজনগর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি,রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রাজনগর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সনি কুমার সাহা এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. মামুন মিয়া সহ আরও অনেকে।
বক্তারা পুষ্টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন,সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সুষম পুষ্টির বিকল্প নেই। তারা জনসাধারণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ সভায় জানান,জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

