ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য প্রকাশ করেছে পেন্টাগন। তাদের দেওয়া নতুন পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট ৪১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের মধ্যে সবচেয়ে বড় অংশটি মার্কিন সেনাবাহিনীর। বাহিনীর মোট ২৭১ জন সদস্য আহত হয়েছেন। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন নাবিক, বিমান বাহিনীর ৬২ জন সদস্য এবং ১৯ জন মেরিন সেনা আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে ড্রোন ও মিসাইল হামলার পাশাপাশি বেশ কিছু জায়গায় সরাসরি স্থল সংঘর্ষের খবর পাওয়া গেছে। পেন্টাগন জানিয়েছে, আহত সৈন্যদের উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং অনেককে ইতিমধ্যে জার্মানির ল্যান্ডস্টুল রিজিওনাল মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, হতাহতের এই ক্রমবর্ধমান সংখ্যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সামরিক সম্পৃক্ততা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এই পরিসংখ্যান। অন্যদিকে, পরিস্থিতির অবনতি রোধে আন্তর্জাতিক শক্তিগুলো যুদ্ধবিরতির আহ্বান জানালেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

