আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ শীর্ষক একটি ক্যারিয়ারভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, পেশাজীবী ও একাডেমিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আজ সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ অডিটোরিয়াম এটি অনুষ্ঠিত হয়।
সামিটে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাফসান হোসেন আলভী এবং আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবটির সাধারণ সম্পাদক নেসাতুন মিসকাত নাবেরী।
দুইটি অধিবেশনে অনুষ্ঠিত হওয়া সামিটের প্রথম অধিবেশনটি সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আফজালুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট পিএলসি ও কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আজিম।
‘কর্পোরেট জীবনের আচরণবিধি’ শীর্ষক আলোচনায় তিনি কর্পোরেট জীবনে আত্মপ্রকাশের দক্ষতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সাক্ষাৎকারে কখনো সরাসরি ‘না’ বলা উচিত নয়। ক্যারিয়ারের প্রথম দুই থেকে তিন বছর শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।” অফিস সংস্কৃতি ও পারিবারিক পরিবেশের পার্থক্য বোঝার ওপর জোর দিয়ে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ এবং নিজেকে সময়োপযোগী রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী।
বক্তব্যে তিনি বলেন, অনেকেই সক্ষম হওয়া সত্ত্বেও নিজেদের সামর্থ্যকে যথাযথভাবে কাজে লাগাতে পারেন না।
সক্রেটিসের “নিজেকে জানো” দর্শনের আলোকে তিনি আত্ম-অন্বেষণের গুরুত্ব তুলে ধরে বলেন, জীবনের প্রথম ২২ বছর ক্যারিয়ার ও চরিত্র গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। পাশাপাশি লক্ষ্য নির্ধারণ ও সময় ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করতে হবে তোমাদের।”
আয়োজকরা জানান, ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তারা বাস্তবমুখী জ্ঞান অর্জন, লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ পেয়েছে। এই আয়োজনটি প্রমাণ করেছে, ধারাবাহিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সঠিক পরিকল্পনাই একটি সফল ভবিষ্যৎ গঠনের মূল চাবিকাঠি।

