বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার (২০ এপ্রিল) দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রায়হান রিতু (৩০), জসিম (৩২) ও জিতু (৩৪)। তারা সবাই সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন।
র্যাব জানায়, নিহত শিমু আক্তার (৩১)-এর সঙ্গে রায়হান রিতুর প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে যৌতুক দিতে অপারগতা জানালে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে।
গত ৯ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে শিমুকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাটি আড়াল করতে তাকে জোরপূর্বক বিষপান করানো হয়। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২)। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, যৌতুকসহ সামাজিক অপরাধ দমনে র্যাব সর্বদা তৎপর। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://bangla.fm/wp-content/uploads/2026/04/Arrested-in-Rab-750x536.jpg)
