দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর পৌরসভা পর্যায়ের খেলা।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিনাজপুর সদর উপজেলার উপশহর সহকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে পৌরসভা পর্যায়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দীক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল এবং সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (পৌরসভা ক্লাস্টার) মোছাঃ মাহমুদা খাতুন।
বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে ওঠে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ আয়োজন দিনাজপুর সদরের শিক্ষা ও ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

