নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
দেশজুড়ে চলমান তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই খুঁজছেন ঘরোয়া ও স্বাস্থ্যকর পানীয়। বিশেষজ্ঞরা বলছেন, এ সময় শরীর হাইড্রেটেড রাখতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শরবত হতে পারে কার্যকর সমাধান।
গরমে সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে রয়েছে লেবুর শরবত, তরমুজের শরবত এবং আমপোড়া শরবত। এগুলো শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরের ইলেক্ট্রোলাইটের ঘাটতিও পূরণ করে।
লেবুর শরবত তৈরিতে লেবুর রস পানির সঙ্গে মিশিয়ে স্বাদমতো চিনি বা মধু ও সামান্য লবণ যোগ করতে হয়। এতে পুদিনা পাতা দিলে স্বাদ ও সতেজতা আরও বেড়ে যাবে।
তরমুজের শরবত তৈরিতে টাটকা তরমুজ ব্লেন্ড করে আইস কিউব আকারে সংরক্ষণ করা যায়। পরে ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে সহজেই তৈরি করা যায় সতেজ পানীয়।
অন্যদিকে আমপোড়া শরবত তৈরিতে কাঁচা আম পুড়িয়ে তার পাল্প সংগ্রহ করে লবণ, চিনি ও চাটমসলা মিশিয়ে সংরক্ষণ করা হয়। পরে পানির সঙ্গে মিশিয়ে এটি পান করা যায়।
বিশেষজ্ঞদের মতে, গরমে শরীর সুস্থ রাখতে নিয়মিত পানি পান এবং প্রাকৃতিক শরবত গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজ এই ঘরোয়া পানীয়গুলো গরমে তাৎক্ষণিক স্বস্তি দিতে পারে।

