ঢাকার তুরাগ থানার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাইফুল (৪২) হত্যা মামলার প্রধান সন্দেহভাজনসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় অটোরিক্সা চালক সাইফুল ইসলাম যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় নিখোঁজ জিডি করা হয়।
১৮ ফেব্রুয়ারি তুরাগ থানাধীন একটি লেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হলে পরে পরিবার সেটি সাইফুল ইসলামের বলে শনাক্ত করে। ধারণা করা হয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ লেকে ফেলে দেওয়া হয় এবং তার ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী লাভলী বেগম তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১ এর গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের পর ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান চালিয়ে মো. শহীদুল ইসলাম (৩৪) ও স্বপন শেখ ওরফে কবির শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানায়, একটি সংঘবদ্ধ চক্র ভিকটিমকে ভাড়া করার পর কৌশলে অচেতন করে তুরাগের একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে লেকের পানিতে ফেলে হত্যা করে।
এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজন আগে থেকেই কারাগারে রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

