সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-এর জামিনের পর তাকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ তার নেতৃত্বে নতুন করে আওয়ামী লীগ পুনর্গঠনের কথা বলছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তবে এই উদ্যোগ সফল হবে না বলেই মত দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে রনি বলেন, শিরীন শারমিনের মুক্তিকে কেন্দ্র করে নানা মহলে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তার মতে, এ ঘটনাকে ঘিরে একটি নতুন রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত দেওয়া হচ্ছে, যেখানে একটি ভিন্নধর্মী আওয়ামী লীগ গঠনের চিন্তা থাকতে পারে।
তিনি দাবি করেন, অতীতেও বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা দেখা গেছে। একইভাবে এবারও নতুন নামে বা ভিন্ন কাঠামোয় দল গঠনের আলোচনা উঠছে বলে তিনি উল্লেখ করেন।
তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নযোগ্য নয় বলেই মনে করেন রনি। তার ভাষ্য, যাদের নিয়ে নতুন করে দল গঠনের কথা বলা হচ্ছে, তারা রাজনৈতিকভাবে মাঠপর্যায়ে পরীক্ষিত নন। ফলে এমন কোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনা কম।

