কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ডের বিদ্যমান সুবিধার পাশাপাশি এতে সৌরবিদ্যুৎচালিত সেচ সুবিধা যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কৃষকরা মৌসুমভিত্তিক সেচ সুবিধা আরও কম খরচে পেতে পারবেন।
শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর ব্লকে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, কৃষকের জন্য নেওয়া এ ধরনের সেবা সম্প্রসারিত হলে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং কৃষি খাতে অনিয়মের সুযোগ কমে আসবে। পর্যায়ক্রমে দেশের সব কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুমিল্লায় এবার ১ হাজার ৪৫৮ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে বিভিন্ন শ্রেণির কৃষক এবং নারী-পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কৃষিমন্ত্রী কৃষি ও প্রাণিসম্পদ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

