ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র বরাতে জানানো হয়, দেশের ছয়টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির পাশাপাশি অস্ত্র পাচারকারী ও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যও রয়েছে বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এসব গোষ্ঠী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে সক্রিয় ছিল। তবে আটক ব্যক্তিদের পরিচয় বা তাদের নির্দিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই গণগ্রেফতার নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

