সিলেটের গোয়াইনঘাটে একটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফলে উদ্বোধনী অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর পর তাঁর পাশের একটি চেয়ার নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তা কথা-কাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয়। পরে তাদের সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন, ফলে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়।
মন্ত্রীর সামনেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠান শেষ না করেই চলে যান। এ সময় মাইকে তাকে থেকে যাওয়ার অনুরোধ জানানো হলেও তিনি পুলিশি নিরাপত্তায় দ্রুত স্থান ত্যাগ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির ঘটনাটি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরে স্বাভাবিক করা হয়।

