মো. ফয়সাল খন্দকার
পহেলা বৈশাখকে ঘিরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেছে। চাহিদা বেড়ে যাওয়া এবং সরবরাহ কম থাকায় প্রতি মণ ইলিশের দাম ৩ লাখ টাকারও বেশি পৌঁছেছে। ফলে এবারের বর্ষবরণের ইলিশ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
সোমবার (১৩ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে রোববার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত মেঘনা নদীপাড়ের মাছের আড়তগুলোতে ইলিশের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আড়তদারদের মতে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত পাইকারদের কারণে দাম বেড়েছে।
১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৬০০ টাকায়। এতে প্রতি মণ ইলিশের দাম দাঁড়াচ্ছে প্রায় ৩ লাখ থেকে ৩ লাখ ৪ হাজার টাকার মধ্যে।
অন্যদিকে, ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়, যা মণপ্রতি প্রায় ৯৬ হাজার থেকে ১ লাখ ৪ হাজার টাকা পর্যন্ত। স্থানীয় ক্রেতারা জানান, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া বাঙালির ঐতিহ্য হলেও উচ্চমূল্যের কারণে অনেকেই বাধ্য হয়ে কিনছেন।
আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা জানান, এ সময় চাহিদা বাড়লেও সরবরাহ তুলনামূলকভাবে কম। মেঘনা নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা এবং সীমিত আহরণকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তারা।
আড়তদারদের মতে, মতলবের বাজার থেকে বড় ইলিশ ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকাররা বেশি দামে কিনে নিয়ে যাচ্ছেন। এতে স্থানীয় বাজারে সরবরাহ আরও কমে গিয়ে দাম বেড়ে যাচ্ছে। তারা আশা করছেন, নববর্ষের পর ইলিশের দাম আবার স্বাভাবিক হয়ে আসবে।

