মোঃ মামুন মোল্লা খুলনা:
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রেইজ প্রকল্পের আওতায় বিদেশ ফেরত কর্মীদের ১ মাস ব্যাপী ইলেকট্রিক্যাল কোর্স ২০ জনের ১ম ব্যাচের শুভ উদ্বোধন ১৩ এপ্রিল সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
খুলনা টিটিসির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জোবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রবাসী কল্যাণ সেন্টার সহকারী পরিচালক খালেদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান বলেন আমাদের দেশের আজকের এই উন্নয়নের চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। যখনই আমরা সংবাদপত্রে দেখি রেমিট্যান্সের প্রবাহ কমে গেছে, তখনই রাষ্ট্র দুশ্চিন্তায় পড়ে যায়—সেটি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা সাধারণ কর্মী, সবার অবদানই এখানে গুরুত্বপূর্ণ। এই রেমিট্যান্সের মূল কারিগর হচ্ছেন আপনারা। আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময় বিদেশের মাটিতে দেশের জন্য ব্যয় করেছেন। আপনাদের পাঠানো ডলারে আমাদের দেশ উপকৃত হচ্ছে, আমরাও লাভবান হচ্ছি।
তাই রাষ্ট্রেরও আপনাদের প্রতি একটি বিশেষ দায়িত্ব আছে। রাষ্ট্র সরাসরি দৃশ্যমান না হলেও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বা টিটিসি-এর মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই দায়িত্ব পালন করে থাকে। সরকার চায় আপনারা বিদেশ থেকে এসে যেন আর্থিকভাবে সচ্ছল থাকতে পারেন এবং আপনাদের কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন।

