নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
দিন দিন তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ত্বকজনিত নানা সমস্যা। এর মধ্যে গরমকালেও ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে, যা সাধারণত শীতকালের সমস্যা হিসেবে পরিচিত।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে শরীরে পানির ঘাটতি দেখা দিলে তার প্রভাব ঠোঁটেও পড়ে। ফলে ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। অনেকেই ঠোঁট শুষ্ক হলে জিভ দিয়ে ভেজানোর চেষ্টা করেন, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। লালারস শুকিয়ে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যায়।
এছাড়া দীর্ঘ সময় এসিতে থাকা, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া এবং ম্যাট লিপস্টিক ব্যবহারের কারণেও ঠোঁটের শুষ্কতা বাড়তে পারে।
সমাধানে করণীয়:
- নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে
শশা, তরমুজসহ জলসমৃদ্ধ ফল ও সবজি খাদ্যতালিকায় রাখতে হবে
ঠোঁটে এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করতে হবে
বাইরে বের হলে রোদ থেকে বাঁচতে টুপি ব্যবহার করা যেতে পারে
ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজানো থেকে বিরত থাকতে হবে
ঘরোয়া যত্ন:
- হালকা গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে ঠোঁট আলতোভাবে পরিষ্কার করুন
নারিকেল তেল দিয়ে ম্যাসাজ করুন
পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম ব্যবহার করুন
ঘুমানোর আগে গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে লাগাতে পারেন
চিকিৎসকদের মতে, ঠোঁট ফাটা প্রতিরোধে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। সমস্যা কমে গেলেও এই অভ্যাসগুলো বজায় রাখলে ঠোঁট থাকবে নরম ও সুস্থ।

