যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের ঘোষণাকে ‘অবৈধ’ ও ‘জলদস্যুতা’ বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, পারস্য উপসাগর ও ওমান সাগর অঞ্চলের বন্দরগুলো সবার জন্য উন্মুক্ত থাকতে হবে—অন্যথায় এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না বলে সতর্ক করেছে তেহরান।
ইরানি সামরিক বাহিনী বলেছে, নিজেদের জলসীমায় সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না।
তবে নির্ধারিত নিয়ম মেনে অন্যান্য দেশের জাহাজ চলাচল করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।
ইরান আরও দাবি করেছে, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আইনবহির্ভূত। তারা সতর্ক করে বলেছে, তাদের বন্দরগুলোর নিরাপত্তা বিঘ্নিত হলে পুরো অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

