রাবি প্রতিনিধি:
বিজু উপলক্ষে পদ্মা নদীতে ফুল দিয়ে মঙ্গল ও শান্তি কামনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাহাড়ি শিক্ষার্থীরা। রোববার (১২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে পদ্মা নদীতে ফুল দিয়ে দিয়ে কর্মসূচি শেষ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা বলেন, ‘আগের বছরগুলোতে যেভাবেই হোক বৈসুতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। তাই নিজের এলাকা ও পরিবারের বাইরে উৎসব কাটানোর অনুভূতি আগে বুঝিনি। এ বছর তা ভিন্নভাবে অনুভব করছি। ক্যাম্পাসে সিনিয়র-জুনিয়র সবাই চেষ্টা করছে উৎসবের আমেজ তৈরি করতে। কিন্তু পরিবার ছাড়া কোনো আয়োজনই পূর্ণতা পায় না। এক ধরনের অপূর্ণতা থেকেই যায়।’
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বিভা চাকমা বলেন, ‘পহেলা বৈশাখের আগে আমাদের প্রধান সামাজিক উৎসব বিজু শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম দুই বছর ঈদের ছুটির কারণে বাসায় যেতে পেরেছিলাম। কিন্তু এবার সে সুযোগ হয়নি।’
বিভা চাকমা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার স্মারকলিপি দেওয়া হলেও শুধু আশ্বাসই পাওয়া গেছে। ফুল বিজুর দিন ক্যাম্পাসে অনুষ্ঠান থাকলেও পরীক্ষার কারণে সেখানে থাকতে পারিনি।’
পাহাড়ি শিক্ষার্থীদের সংগঠন ‘জুম্ম শিক্ষার্থী পরিবার’ এর সভাপতি স্মৃতিময় চাকমা বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আদিবাসী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিজেদের উৎসবের সময়ে ছুটির দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি।’
তিনি বলেন, ‘ছুটি না থাকার পাশাপাশি এ সময়ে অনেক বিভাগে পরীক্ষা থাকে। ফলে ক্যাম্পাসে সীমিত পরিসরে যে আয়োজন করা হয়, তাতেও অনেকেই অংশ নিতে পারে না।’

