নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে অনেকেই সকালে আদা, মধু ও কালিজিরা গ্রহণের অভ্যাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কনটেন্ট থেকেও এই প্রবণতা বাড়ছে। তবে এই তিন উপাদানের উপকারিতা থাকলেও সবার জন্য এটি নিয়মিত গ্রহণ জরুরি নয়, এমনটাই মত বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আদা, মধু ও কালিজিরা তিনটিই প্রদাহ কমাতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সকালে এগুলো গ্রহণ করলে অনেকেই সতেজ অনুভব করেন এবং ক্ষুধা কিছুটা নিয়ন্ত্রণে থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলেন, আদা ও কালিজিরা হজমে সাহায্য করে এবং অ্যাসিডিটির প্রবণতা কমাতে ভূমিকা রাখে। বিশেষ করে আদা মাসিকের ব্যথা উপশমেও সহায়ক হতে পারে। অন্যদিকে মধু অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বক ও শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।
তবে বিশেষজ্ঞদের মতে, এগুলো কোনো “জাদুকরি সমাধান” নয়। আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসেই আদা ও কালিজিরা অনেক সময় স্বাভাবিকভাবেই থাকে, তাই আলাদাভাবে প্রতিদিন গ্রহণ করা বাধ্যতামূলক নয়। মধুও মৌসুমভেদে ভিন্ন প্রভাব ফেলতে পারে, শীতকালে উপকারী হলেও গরমে অতিরিক্ত গ্রহণ অস্বস্তি বাড়াতে পারে।

এছাড়া মধুতে থাকা অতিরিক্ত ক্যালরি রক্তে শর্করা ও ওজন বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগী ও ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা জরুরি। দীর্ঘমেয়াদি রোগে যারা নিয়মিত ওষুধ গ্রহণ করছেন, তাদের জন্য এসব উপাদান নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষজ্ঞরা আরও বলেন, সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনধারা। একই উপাদান দীর্ঘদিন একটানা না খেয়ে মাঝে মাঝে বিরতি রাখাও ভালো।


