সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
শনিবার (১১ এপ্রিল) আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম হোসেন মন্ডল। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও শিকড় হাউজিংয়ের চেয়ারম্যান আলহাজ্ব শহীদুজ্জামান খন্দকার। সঞ্চালনায় ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও আশরাফুল কবীর বলেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এ ভূমিকা সাধারণ মানুষের জন্য বড় সহায়তা।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব শহীদুজ্জামান খন্দকার বলেন, মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. আজিজুল হাকিম বাপ্পা এবং বগুড়া ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাঈম আহমেদ।

