সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিচার দাবিতে কৃষক-জনতার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনারে “হাওর ও নদী রক্ষা আন্দোলন” এ সমাবেশের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফসল রক্ষা বাঁধ প্রকল্পে পিআইসি বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির কারণে হাওরাঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রকাশ করে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং কৃষি ঋণ মওকুফ করতে হবে। পাশাপাশি হাওরের অপরিকল্পিত বাঁধ অপসারণ, সুইসগেট নির্মাণ এবং নদী-খাল খননের দাবি জানান তারা।
সমাবেশ থেকে হাওর উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, গণশুনানি এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রকাশেরও আহ্বান জানানো হয়।
এদিকে সমাবেশের আগেই দেখার হাওরে একটি ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে বলে জানা গেছে। এতে স্থানীয় কৃষকদের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

